একদিনের সরকারি সফরে বাগেরহাট ও খুলনার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে রওনা হন তিনি।
এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটে গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানো ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এ সময় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে বিনিয়োগ সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ছাড়া নিরাপত্তা ও প্রটোকল সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরাও তাঁর সঙ্গে রয়েছেন।
মোংলা বন্দরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
দিনব্যাপী এসব কর্মসূচি শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।