
দেশের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে এবং এতে পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, চলমান আন্দোলন শ্রমিকদের স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
আন্দোলনরত শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণে মজুরি বোর্ড কাজ শুরু করেছে। নির্ধারিত সময়ের আগেই বোর্ড এ বিষয়ে সুপারিশ দেবে বলে আশা করছে সরকার।
সালাহউদ্দিন আহমদ জানান, আগামী জানুয়ারি থেকে শ্রমিকেরা নতুন মজুরি পাবেন। শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।