
শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাসের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
ভিডিও বার্তায় জামায়াত আমির বলেন, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। এ পরিস্থিতিতে অনেক শিল্পকারখানা বন্ধ রাখা হয়েছে। কোথাও কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
তিনি বলেন, পোশাকশিল্প দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত। এ খাতে বড় ধরনের বিপর্যয় দেখা দিলে সামগ্রিক অর্থনীতিতে তার নেতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে স্বল্প বেতনে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে উঠেছে।
ডা. শফিকুর রহমানের ভাষ্য, শ্রমিকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মালিক ও শ্রমিকদের মধ্যে আলোচনার মাধ্যমে আগেই বেতন কাঠামো পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। তবে সরকার এখনো এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে, কিন্তু এটাও ঠিক যে শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে।’ শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। সিদ্ধান্ত নিতে দেরি হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেও সতর্ক করেন।
শিল্পাঞ্চলের অস্থিরতাকে কেন্দ্র করে সুযোগসন্ধানীরা পরিস্থিতির অপব্যবহারের চেষ্টা করতে পারে উল্লেখ করে জামায়াত আমির সরকার ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক এবং আন্তরিক থাকার আহ্বান জানান।
এ ছাড়া গাজীপুরে শ্রমিক হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান বিরোধীদলীয় নেতা।