পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সাঁজোয়া যান মোতায়েনের পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, মোতায়েন করা সদস্যদের মধ্যে মিরপুরে তিন প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন দায়িত্ব পালন করছে।
নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের শরীরে রয়েছে বডি ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরা।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে পুরো কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বিজিবি সদস্যরা।
বিজিবি আরও জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এ তৎপরতা অব্যাহত থাকবে।