২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এ পরীক্ষার জন্য অনলাইনে ফরম পূরণ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর)। আবেদন করা যাবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত। আর পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় ১০ নভেম্বর।
আগামী ১ ডিসেম্বর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে চতুর্থ বিষয় বাদে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।
যেভাবে ফরম পূরণ করবেন
সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ করতে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। প্রক্রিয়াটি হলো—
১. প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা অনলাইনে প্রদর্শন করবে।
২. তালিকা থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থীর তথ্য যাচাই করতে হবে।
৩. নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা প্রিন্ট করতে হবে।
৪. প্রিন্ট করা তালিকায় শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের স্বাক্ষর নিতে হবে।
৫. এরপর অনলাইনে ইলেকট্রনিক ফরম ফিলআপ (eFF) পদ্ধতিতে ফরম পূরণ সম্পন্ন করতে হবে।
৬. নির্ধারিত সময়ের মধ্যে সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
ফরম পূরণ ও ফি জমার সময়সূচি
অনলাইনে সম্ভাব্য তালিকা প্রদর্শন ও ফরম পূরণ চলবে ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত। আর সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত।
পরীক্ষার ফি কত
বোর্ডের বিজ্ঞপ্তিতে নির্ধারিত ফি অনুযায়ী, তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ের জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ের জন্য ২৫ টাকা দিতে হবে। এর সঙ্গে পরীক্ষা কেন্দ্র ফি হিসেবে জমা দিতে হবে ৪৫০ টাকা।
যেভাবে ফি জমা দেবেন
পরীক্ষার যাবতীয় ফি বোর্ডের সচিবের অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। নগদ টাকা, পে-অর্ডার, পোস্টাল অর্ডার, মানি অর্ডার কিংবা ট্রেজারি চালানের মাধ্যমে ফি দেওয়ার সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই পরীক্ষার ফি বা প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করা হবে না। তাই আবেদনযোগ্য শিক্ষার্থীদের সময়সীমার মধ্যে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে ফরম পূরণ ও ফি জমার কাজ শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে।