
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কয়েক হাজার শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দিতে গেলে শ্রমিকদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল সাড়ে ৯টার দিকে গাছা এলাকায় প্রায় দুই থেকে চার হাজার শ্রমিক সড়কে নামেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুর এলাকায় অবস্থান নেওয়া শ্রমিকদেরও সরিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সালনা, রাজেন্দ্রপুর, শফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কাশিমপুর এলাকায় কিছুটা উত্তেজনা থাকায় সেখানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।