সৌদি আরবের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দেশটিতে ফ্লাইট পরিচালনার সূচিতে পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালু হচ্ছে। তবে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার সময়সূচি পুনর্বিন্যাস করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এ রুটে আপাতত প্রতিদিন দিনের বেলায় ফ্লাইট পরিচালনা করা হবে।
অন্যদিকে, রিয়াদগামী যাত্রীদের একটি উল্লেখযোগ্য অংশ বিকল্প পথে সৌদি আরবে যাতায়াত করায় এ রুটে বর্তমানে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান।
টিকিট ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।