পোশাক খাতে অস্থিরতায় ইন্ধনের সন্দেহ, এবার সালাম মুর্শেদীর নামে মামলা

ভোরের ডাক ডেস্ক

আইন-আদালত

তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠান ওলিও অ্যাপারেলস লিমিটেডের বিরুদ্ধে চাকরিচ্যুতি, বেতন-ভাতা পরিশোধ এবং কর্মস্থলে যোগদান নিয়ে বিরোধের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ

2026-11-04T16:54:25+00:00
2026-11-04T16:54:25+00:00
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
আইন-আদালত
পোশাক খাতে অস্থিরতায় ইন্ধনের সন্দেহ, এবার সালাম মুর্শেদীর নামে মামলা
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৪:৫৪ পিএম 
ফাইল ছবি

তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠান ওলিও অ্যাপারেলস লিমিটেডের বিরুদ্ধে চাকরিচ্যুতি, বেতন-ভাতা পরিশোধ এবং কর্মস্থলে যোগদান নিয়ে বিরোধের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ৩৩ ধারায় ঢাকা তৃতীয় শ্রম আদালতে একটি অভিযোগ মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতায় ইন্ধন দেওয়ার অভিযোগে বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর নাম উঠে এসেছে বলে জানা গেছে।

মামলার অভিযোগকারী মো. শওকত আলী প্রতিষ্ঠানটির কাটিং মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর দাবি, ২০২২ সালের ৮ নভেম্বর তিনি প্রতিষ্ঠানটিতে যোগদান করেন। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে কর্মস্থলে কাজ করতে বাধা দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় বেতন-ভাতা পরিশোধ, কর্মস্থলে উপস্থিতি এবং চাকরির ধারাবাহিকতা নিয়ে বিরোধ তৈরি হয়। অভিযোগকারীর দাবি, তিনি কাজে যোগ দিতে চাইলেও কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় প্রতিকার চেয়ে শ্রম আদালতের শরণাপন্ন হয়েছেন শওকত আলী।

মামলায় চাকরি থেকে অব্যাহতির আদেশ বাতিল, পূর্বের পদ ও মর্যাদায় চাকরিতে পুনর্বহাল এবং পুনর্বহাল না হওয়া পর্যন্ত সময়ের বকেয়া মজুরি ও অন্যান্য প্রাপ্য সুবিধা পরিশোধের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি মামলার খরচ বাবদ ১০ হাজার টাকা এবং আইন অনুযায়ী অন্যান্য প্রাপ্য সুবিধা প্রদানেরও দাবি জানিয়েছেন তিনি।

অন্যদিকে, ওলিও অ্যাপারেলস লিমিটেডের পক্ষ থেকে আদালতে দাখিল করা লিখিত জবাবে অভিযোগকারীর বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, অভিযোগকারী নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাঁর অনুপস্থিতির বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি কাজে যোগদানের নির্দেশনাও দেওয়া হয়েছিল। শ্রম আইনের বিধান অনুসরণ করেই তাঁর চাকরিসংক্রান্ত বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে, সাম্প্রতিক সময়ে দেশের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি ও উসকানি দেওয়ার অভিযোগে সরকারের বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে আব্দুস সালাম মুর্শেদীর নাম এসেছে বলে জানা গেছে। তিনি এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

সালাম মুর্শেদীর পরিবারের একাধিক সদস্যও গার্মেন্টস ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান শারমিন সালাম, মেয়ে পরিচালক ব্যারিস্টার শেরিন সালাম ঐশী এবং ছেলে ইশমাম সালাম।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে কারাবন্দী সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী এবং তাঁর স্ত্রী শারমিন সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

এ ছাড়া দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে গুলশানে একটি বাড়ি দখলের অভিযোগ নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন সালাম মুর্শেদী ও তাঁর পরিবার।



Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: