জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা এলাকায় মো. শামীম মিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হককে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়া। এর আগে গত ২৭ অক্টোবর ভাটারা থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।
সোমবার তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়াসহ কয়েকজন আইনজীবী এর বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত মোজাম্মেল হককে গ্রেফতার দেখানোর আদেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলনে অংশ নিতে ভাটারা থানার ১০০ ফিট সড়কে যান বাদী মো. শামীম মিয়া। সেখানে তিনি শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলিবিদ্ধ হন।
পরে চিকিৎসা নেওয়ার পর এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তিকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন শামীম। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে বি এম মোজাম্মেল হককে গ্রেফতার দেখানো হলো।
উল্লেখ্য, এর আগেও একাধিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন আওয়ামী লীগের এই নেতা।