বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যাকাণ্ডের কারণ, জড়িত অন্য ব্যক্তিদের পরিচয় এবং প্রয়োজনীয় আলামত উদ্ধারে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। এর আগে দুপুর সোয়া ২টার দিকে দীপকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে দীপ তাহসিফকে বাসা থেকে ডেকে বাইরে নিয়ে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ। পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ খবর পায়, উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি মরদেহ ভাসছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল করার সময় নিহতের ট্রাউজারের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করে।
তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঘটনার দিন তাহসিফকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ জানান, নিহত তাহসিফ তাঁর সিনিয়র বড় ভাই ছিলেন।
রিমান্ড আবেদনে পুলিশ দাবি করেছে, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে দীপের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তবে হত্যাকাণ্ডে তাঁর ভূমিকা ও ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছে তদন্ত সংস্থা।
পুলিশের আবেদনে রিমান্ডের পাঁচটি কারণ উল্লেখ করা হয়। এগুলো হলো—হত্যাকাণ্ডের পেছনের কারণ ও উদ্দেশ্য উদ্ঘাটন, জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত এবং অন্যান্য প্রয়োজনীয় আলামত উদ্ধার, তাহসিফের ব্যক্তিগত মোটরসাইকেলের সন্ধান এবং হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনাস্থল শনাক্ত করা।
শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। পরে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। এরপর তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
এ ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। পরে ওই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে দীপকে গ্রেপ্তার দেখানো হয়।
চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ, ঘটনার সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা এবং হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করবে পুলিশ।