চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শহিদুল ইসলাম টিসাত (১২) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুরানগড়ের ভাঙ্গারগোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত টিসাত ওই এলাকার সাইর আহমেদের ছেলে। সে স্থানীয় পুরানগড় শাহ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাড়ির সামনের বাজালিয়া-শীলঘাটা সড়ক পার হচ্ছিল টিসাত। এ সময় নতুনহাটগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ তারেক জানান, দুর্ঘটনার কিছুক্ষণ আগে আরেকটি ব্যাটারিচালিত অটোরিকশা অসাবধানতাবশত সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। এর কিছুক্ষণ পরই টিসাত সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।
পুরানগড় শাহ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল আহমদ বলেন, “টিসাত আমাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণির অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময় একজন শিক্ষার্থী ছিল। তার এমন আকস্মিক মৃত্যুর খবরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যুর খবরটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সড়কে অনিয়ন্ত্রিত ও বেপরোয়া অটোরিকশা চলাচল রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।