
খুলনার কয়রায় সুন্দরবন থেকে অবৈধভাবে আহরণ করা ঝিনুক পাচারের অভিযোগে মফিজুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাঁর কাছ থেকে ৬০ কেজি ঝিনুক জব্দ করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ঘোলপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। মফিজুল ইসলাম কয়রা উপজেলার নাকশা গ্রামের বাসিন্দা।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন থেকে অবৈধভাবে সংগ্রহ করা ঝিনুক পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘোলপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ৬০ কেজি ঝিনুকসহ মফিজুল ইসলামকে আটক করা হয়।
কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার মো. সাদেকুর রহমানের নির্দেশনায় বনপ্রহরী মো. রবিউল ইসলাম অভিযানটি পরিচালনা করেন। এ সময় স্টেশনের কর্মী মশিউর রহমান, নীলিমেষ বৈরাগী, আসাদুজ্জামান ও সিপিজি সদস্যরা উপস্থিত ছিলেন।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলাম জানান, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ অবৈধভাবে আহরণ ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।