
সিরাজগঞ্জের কামারখন্দে ইছামতী নদীতে ডুবে নিখোঁজের ২২ ঘণ্টা পর জোনায়েদ হোসেন (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ভদ্রঘাট পশ্চিম খানপাড়া এলাকায় নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ১৫০ মিটার দূরে মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। জোনায়েদ ওই গ্রামের মৃদু মিয়ার ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে চার বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে জোনায়েদ। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। তার তিন বন্ধু সাঁতরে তীরে উঠতে পারলেও জোনায়েদ নিখোঁজ হয়। পরে স্থানীয় বাসিন্দা ও জেলেরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।
খবর পেয়ে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। শনিবার সকালে পুনরায় তল্লাশি চালিয়ে নিখোঁজের স্থান থেকে কিছু দূরে জোনায়েদের মরদেহ উদ্ধার করা হয়।
কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।