পাবনা সদর উপজেলায় বৃষ্টি থেকে বাঁচতে বিলের মধ্যে পলিথিনের তৈরি একটি ঘরে আশ্রয় নিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই কিশোর ও তরুণ বয়সী বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোবিন্দপুর এলাকার সোনাপাতি বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে কয়েকজন কিশোর ও তরুণ বিলের মধ্যে থাকা পলিথিনের তৈরি একটি অস্থায়ী ঘরে আশ্রয় নেন। এ সময় ওই ঘরেই বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, বজ্রপাতে ছয়জন ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে গেছে।
তিনি আরও জানান, নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। তাঁদের বয়স কিশোর থেকে তরুণের মধ্যে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।
একসঙ্গে ছয়জনের এমন প্রাণহানির ঘটনায় সোনাপাতি বিল ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।