পটুয়াখালীর মহিপুরে যৌথ অভিযান চালিয়ে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ তিন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোটগুলো থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ বেহুন্দী জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে মহিপুর ব্রিজসংলগ্ন খেয়াঘাট এলাকায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানে ঘটনাস্থল থেকে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটগুলোতে তল্লাশি চালিয়ে প্রায় ৯টি বেহুন্দী জাল, ছয়টি উইংস ও ছয়টি ট্রলডোর উদ্ধার করা হয়। এ সময় তিন জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা বোট, ট্রলিং জাল ও মাছ ধরার সরঞ্জাম এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মৎস্যসম্পদ রক্ষায় অবৈধভাবে মাছ ধরা ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।