চট্টগ্রামের চন্দনাইশে ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এসআরবির চার থেকে পাঁচজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দুটি দেশীয় অস্ত্র।
এসআরবি-৭ ও চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাই মাদারি গ্রামের ঘাটকুল পাড়ায় অভিযান চালায় এসআরবির একটি দল। সেখানে বিভিন্ন থানায় ২০টির বেশি মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় পলাতক আসামি মো. আলমগীরের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়।
অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে আলমগীর গ্রেপ্তার এড়াতে চিৎকার করে লোকজন জড়ো করেন বলে জানিয়েছে এসআরবি। একপর্যায়ে ৪০ থেকে ৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এসআরবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দিলে এবং নিজেদের নিরাপত্তার পাশাপাশি সরকারি অস্ত্র ও গোলাবারুদ রক্ষায় এসআরবি সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে জানানো হয়েছে।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, হামলার ঘটনায় প্রথমে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে এসআরবি-৭ ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে উত্তর কানাইমাদারী এলাকা থেকে আরও দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মেহেদী হাসান সিফাত (২৩), জাহাঙ্গীর আলম (২৮), আজিজুর রহমান সবুজ (২১), মঞ্জুর ইসলাম (৩৯) এবং মো. নবাব শরীফ ওরফে নবাব মিয়া (৩৪)।
এসআরবি জানিয়েছে, অভিযানের মূল লক্ষ্য ছিলেন ২০টির বেশি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আলমগীর। তবে হামলার ঘটনায় গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
তথ্যসূত্র: এসআরবি-৭ ও চট্টগ্রাম জেলা পুলিশ।