মানিকগঞ্জের সিংগাইরে ক্রেতা সেজে গহনার দোকান থেকে ৩৯ ভরি রুপা চুরির অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরি হওয়া রুপার আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার চারিগ্রাম বাজারের স্বর্ণ মার্কেটে অবস্থিত বাংলাদেশ জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া গ্রামের সামিয়া (২৫) ও রাফসানা আক্তার (২৩)। অপরজন চট্টগ্রামের চান্দগাঁও উপজেলার সিএমবি বাদাতলী মোড় এলাকার জারিফ (৩৫)।
দোকান মালিক বাবুল হোসেন জানান, সকালে দোকান খোলার পর দুই নারী ও এক পুরুষ ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন। তারা সোনা ও রুপার গহনা কেনার কথা বলে বিভিন্ন পণ্য দেখতে চান। এ সময় গহনা দেখাতে ব্যস্ত থাকার সুযোগে তারা ৩৯ ভরি রুপা নিয়ে দোকান থেকে বেরিয়ে যান।
পরে রুপা চুরির বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে অভিযুক্তদের খোঁজ শুরু করেন দোকান মালিক। একপর্যায়ে উপজেলার বলধারা একের মোড়ে রুপাসহ ওই তিনজনকে আটক করেন স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা রুপা পরিমাপ করা হচ্ছে। তাদের নাম-ঠিকানা যাচাইয়ের পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।