পিরোজপুরের কাউখালীতে মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে কঁচা নদীতে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে প্রায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এবং নৌ-পুলিশের সহযোগিতায় কঁচা নদীর পাঙ্গাসিয়া প্রান্তসহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান। নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
অভিযান শেষে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবং মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নিষেধাজ্ঞা কার্যকর রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মা ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে। ইলিশের উৎপাদন ও প্রজনন সুরক্ষায় নদীতে নজরদারি জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।