যশোরের শার্শায় ২ কেজি ৯০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস ইটভাটা-সংলগ্ন নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলাউদ্দিন শার্শা উপজেলার হাড়িখালী যদুনাথপুর গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, স্বর্ণের একটি চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা-পুলিশের একটি দল নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন আলাউদ্দিনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যান। পরে আলাউদ্দিনের হেফাজত থেকে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার দুপুর সাড়ে ১টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন যশোরের নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন।
তিনি ভোরের ডাককে জানান, এ ঘটনায় স্বর্ণ চোরাচালানবিরোধী আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর দুই ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরিফ হোসেন আরও জানান, জব্দ করা স্বর্ণের মান যাচাই, আনুমানিক বাজারমূল্য নির্ধারণ এবং স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।