২০২৭ সালের অমর একুশে বইমেলা শুরু হবে আগামী ৭ জানুয়ারি। মাসব্যাপী এ মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন নিয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ২০২৭ সালের অমর একুশে বইমেলা ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।