১৩ স্থানে প্রধানমন্ত্রীর ঝটিকা সফর, হাসপাতাল পরিচ্ছন্নতায় সাত দিনের নির্দেশ

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

রাজধানীর হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা ও হকারমুক্ত ফুটপাতের পরিস্থিতি দেখতে সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান আকস্মিক পরিদর্শন করেছেন

2026-10-17T16:35:14+00:00
2026-10-17T16:37:01+00:00
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
১৩ স্থানে প্রধানমন্ত্রীর ঝটিকা সফর, হাসপাতাল পরিচ্ছন্নতায় সাত দিনের নির্দেশ
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৪:৩৫ পিএম  আপডেট: ১৭.১০.২০২৬ ৪:৩৭ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা ও হকারমুক্ত ফুটপাতের পরিস্থিতি দেখতে সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিট থেকে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত এসব স্থান ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা, সেবার মান ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। কয়েকটি স্থানের অপরিচ্ছন্ন পরিবেশ ও ব্যবস্থাপনার ঘাটতি দেখে অসন্তোষও প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর এ আকস্মিক পরিদর্শনের অংশ হিসেবে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার, সরকারি বাঙলা কলেজ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে দেখেন তিনি।

এ ছাড়া নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, কলাবাগান স্টাফ কোয়ার্টার, আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার এবং মিরপুর-১০ নম্বরের হকারমুক্ত ফুটপাত পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

পরিচ্ছন্নতায় সাত দিন ও দুই সপ্তাহের সময়সীমা

উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করে সেখানকার পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের সময় দেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করে পুরো এলাকার পরিচ্ছন্নতা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নিশ্চিত করতে দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দেন তিনি।

প্রধানমন্ত্রী উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, আজিমপুর সরকারি কোয়ার্টার পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এলাকার পরিবেশ, চলাচলের পথ ও রক্ষণাবেক্ষণব্যবস্থা ঘুরে দেখেন। পরিচ্ছন্নতার ঘাটতি দেখে তিনি সংশ্লিষ্টদের কাছে এর কারণ জানতে চান এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ সময় আবাসিক এলাকার বাসিন্দারা অপরিচ্ছন্ন পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাঁদের কথা শোনেন এবং সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। পরিদর্শনের একপর্যায়ে তিনি কোয়ার্টারে বসবাসরত শিশুদের সঙ্গেও কুশল বিনিময় করেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, সাময়িক বরখাস্ত

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনের সময় সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলামের কক্ষে যান প্রধানমন্ত্রী। সেখানে চিকিৎসককে ধূমপান করতে দেখেন তিনি। কক্ষটি অপরিচ্ছন্ন অবস্থায় থাকায় অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পরে হাসপাতালের চেয়ারম্যানকে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশের পর ডা. রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

শিক্ষার্থীদের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বান

নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

পরিদর্শনকালে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। নাগরিক সেবার মান উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মিরপুর-১০-এর ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশ

এদিন মিরপুর-১০ নম্বর এলাকায় হকারমুক্ত ফুটপাতও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পথচারীদের সঙ্গে কথা বলে জানতে চান, ফুটপাত দখলমুক্ত করার পর তাঁদের চলাচলে কতটা সুবিধা হয়েছে এবং বর্তমানে কোনো সমস্যা হচ্ছে কি না। তিনি ফুটপাত পথচারীদের ব্যবহারের উপযোগী রাখা, সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখা এবং চলাচলের প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, নগরীর ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই ফুটপাত দখলমুক্ত রেখে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা জরুরি।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ আকস্মিক পরিদর্শনের মাধ্যমে পরিচ্ছন্নতা, নাগরিক সুবিধা, স্বাস্থ্যসেবা ও সরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন করতে পারে কি না, এখন সেদিকেই নজর থাকবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: