ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তে বিজিবির কাছে তাঁদের হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবি তাঁদের বাংলাদেশ পুলিশের কাছে বুঝিয়ে দেয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটে সীমান্তের ২০৫৯ নম্বর পিলারের কাছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএসএফের হাতে আটক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ানকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এরপর দুপুর ১টা ৪২ মিনিটে তাঁদের বাংলাদেশ পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহিনও দুই পুলিশ সদস্যকে ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এএসআই ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান সিএনজিচালিত অটোরিকশায় রাতের দায়িত্ব পালন করছিলেন।
এ সময় তাঁরা উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালান। পুলিশ দেখে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে তাঁদের ধাওয়া করেন ওই দুই সদস্য।
একপর্যায়ে তাঁরা ভুলবশত সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করেন বলে জানান ওসি। পরে বিএসএফ তাঁদের আটক করে। শুক্রবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়।