চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৫৬৬ গ্রাম বা সাড়ে ৪৮ ভরি সোনা জব্দ করেছে কাস্টমস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ দল। জব্দ করা সোনার আনুমানিক বাজারমূল্য ও রাজস্ব মূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় মোহাম্মদ কামরুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীরা কাস্টমস হলে স্ক্যানিংয়ের সময় নজরদারিতে ছিলেন। এ সময় কামরুল ইসলামের গতিবিধি ও ব্যাগের বিষয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সন্দেহ হলে পরবর্তী সময়ে তাঁর ব্যাগ তল্লাশি করা হয়।
বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী ইবরাহিম খলিল জানান, ডিজিএফআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ তদারকিতে ওই যাত্রীর ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডার ও বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকানো চারটি স্বর্ণদণ্ড উদ্ধার করা হয়। এগুলোর মোট ওজন ৪৬৬ গ্রাম। এ ছাড়া তাঁর কাছ থেকে ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চুড়িও জব্দ করা হয়।
আটক কামরুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দোনগ্রা এলাকার বাসিন্দা। উদ্ধার করা সোনার সঠিক পরিমাপ ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তা আনুষ্ঠানিকভাবে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।