চট্টগ্রামের ফটিকছড়িতে পোল্ট্রি ফার্মে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মুহরম আলী (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের করিমপুর এলাকার একটি পোল্ট্রি ফার্মে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুহরম আলী নারায়ণহাট ইউনিয়নের পশ্চিম চান্দপুর (ইয়াসিনপুর) এলাকার মো. মোস্তফার জ্যেষ্ঠ ছেলে। তিনি করিমপুর এলাকার ওই পোল্ট্রি ফার্মে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন প্রতিদিনের মতো ফার্মে কাজ করছিলেন মুহরম আলী। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট মুহরম আলী নামে একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।