চট্টগ্রামের সাতকানিয়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে মো. রিয়াজ (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মায়ের দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজন মামলার এজাহারভুক্ত আসামি।
নিহত রিয়াজ সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা মোল্লাপাড়ার বাসিন্দা ও গাড়িচালক নাজিম উদ্দিনের ছেলে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সাতকানিয়া সদর ইউনিয়নের শাহ মজিদিয়া মার্কেট এলাকায় রিয়াজকে মারধর করা হয়। এতে তাঁর মাথা, নাক ও মুখে গুরুতর আঘাত লাগে। অভিযোগ অনুযায়ী, মারধরে তাঁর মুখের কয়েকটি দাঁতও পড়ে যায়।
প্রাণ বাঁচাতে রিয়াজ পাশের একটি ফার্মেসিতে আশ্রয় নেন। তবে হামলাকারীরা তাঁকে সেখান থেকে টেনে বের করে নাছির নামের এক ব্যক্তির দোকানের সামনে সড়কে নিয়ে আবারও মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তাঁকে আহত অবস্থায় সড়কে ফেলে রেখে চলে যান তাঁরা।
পরে স্থানীয় লোকজন ও রিয়াজের চাচা মো. জহির তাঁকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় রিয়াজের মা রোজিনা আকতার বাদী হয়ে সাতকানিয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
পরে পুলিশ অভিযান চালিয়ে কামরুল হাসান, সাইমুন উদ্দিন শাকিল, মো. অনিক হাসান ও মো. ফরহাদকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।