চাঁপাইনবাবগঞ্জে বাউল সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেরাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন এবং জেলা বিএনপির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, ফকির লালন ছিলেন একজন সাধক। তিনি মানবতার বাণী প্রচার করেছেন এবং মানবধর্ম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মানবতাবাদ ও সাম্যের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত গানের মাধ্যমে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিয়েছেন।
তাঁরা আরও বলেন, লালন সাঁইয়ের দর্শন ও বাণী সর্বত্র ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতে হবে, যাতে পরবর্তী প্রজন্মকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা যায়।
আলোচনা সভা শেষে শিল্পীরা লালন সাঁইয়ের গান পরিবেশন করেন।