যশোরের বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ইঞ্জিনচালিত ভ্যানের ছাউনির ভেতর থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মিয়ারাজ গাইন (২৭) নামে ভ্যানচালককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে বেনাপোল পোর্ট থানার এসআই মাহাবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এএসআই মো. সুজন হোসেন ও কনস্টেবল আবদুল হাইও অংশ নেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বেনাপোল পোর্ট থানার ভবারবেড় এলাকায় মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে বেনাপোল-যশোর মহাসড়কে একটি ইঞ্জিনচালিত ভ্যানে তল্লাশি চালায়।
এ সময় ভ্যানটির চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। পরে উপস্থিত লোকজনের সামনে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ অন্যান্য আলামত জব্দ করে পুলিশ।
আটক মিয়ারাজ গাইন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার কৃষ্ণনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শংকরপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম সিরাজুল গাইন এবং মায়ের নাম জাহানারা খাতুন।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।