রাজবাড়ীর পদ্মা নদীতে তীব্র নাব্যতা সংকটের কারণে চালুর মাত্র এক দিন পরই আবার বন্ধ হয়ে গেছে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌ-রুটে ফেরি চলাচল। দীর্ঘ ছয় দিন বন্ধ থাকার পর রোববার ফেরি চলাচল শুরু হলেও সোমবার সন্ধ্যায় আবারও তা বন্ধ করে দেওয়া হয়।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ধাওয়াপাড়া ফেরিঘাটের সহব্যবস্থাপক (বাণিজ্য) মো. রবিউল ইসলাম।
তিনি জানান, পদ্মা নদীতে নাব্যতা সংকট তীব্র হওয়ায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নৌপথটি সচল রাখতে ড্রেজিংয়ের প্রয়োজন। এ জন্য গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা ড্রেজিং ইউনিটের কাছে চিঠি পাঠানো হয়েছে। ড্রেজিং না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।
এর আগে, উজান থেকে হঠাৎ প্রবল বেগে পানি নেমে আসায় পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বেড়ে যায়। এতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে গত ৫ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিট থেকে এ নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।
টানা ছয় দিন বন্ধ থাকার পর নদীতে স্রোতের তীব্রতা কমে এলে গত রোববার (১১ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। তবে এক দিন পার না হতেই নাব্যতা সংকটের কারণে আবারও বন্ধ হয়ে গেল গুরুত্বপূর্ণ এ নৌ-রুটের ফেরি চলাচল।