শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে সরকার ও দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও মন্ত্রী পদমর্যাদার জহির উদ্দিন স্বপন এমপি এ কথা জানিয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) বরিশালের গৌরনদী উপজেলার বার্থী কালীমন্দিরে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তরা অংশ নেন।
জহির উদ্দিন স্বপন বলেন, সংসদীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী সব সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদ্যাপনে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এর আয়োজন ও আনন্দের ঐতিহ্য বহু পুরোনো। এ উৎসবের আনন্দ শুধু একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না; অন্যান্য সম্প্রদায়ের মানুষও এতে সম্পৃক্ত হন। বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ সনাতন ধর্মাবলম্বী হওয়ায় দুর্গোৎসব দেশের সামগ্রিক উৎসব-সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরও বলেন, সরকার গঠনের পর এবারই প্রথম দুর্গাপূজার আয়োজন ও উদ্যাপনের বিষয়টি সরকারের পক্ষ থেকে সরাসরি দেখভালের দায়িত্ব নেওয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের ধর্মীয় উৎসব নিয়ে কথা বলতে গেলে তিনি তাঁদের প্রত্যাশার চেয়েও বেশি সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন।
উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব ও পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ।
সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস বণিক, কমিটির সাবেক সভাপতি মনোজ গোমস্তা, বার্থী মন্দির ট্রাস্টি বোর্ডের সভাপতি শান্তুনু ঘোষসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতারা।