নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মো. মাছুম মিয়ার ওপর হামলার ঘটনায় করা মামলায় প্রধান আসামি শাহিদুল ইসলাম শাহেদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তবে মামলার অন্য আসামিরা এলাকায় অবস্থান করে বাদী ও তাঁর পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
গত ১ অক্টোবর বিকেলে রূপগঞ্জ থানার মঠের ঘাট এলাকায় হামলার এ ঘটনা ঘটে। মাছুম মিয়া দৈনিক যুগ-যুগান্তর ও অনলাইন সংবাদমাধ্যম এমএইচ নিউজ-২৪-এর রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই হামলায় তাঁর বাম চোখের ওপরের অংশে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। তাঁকে রক্ষা করতে গিয়ে বড় ভাই মাসুদ মিয়াও হামলার শিকার হন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট কয়েকজনের কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের পর থেকেই মাছুম মিয়াকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় ১ অক্টোবর মঠের ঘাট এলাকায় তাঁর পথরোধ করে দেশীয় অস্ত্র, চাপাতি ও লোহার রড নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীদের একজন চাপাতি দিয়ে মাছুম মিয়ার বাম চোখের ওপরের অংশে আঘাত করেন। পরে তাঁকে বাঁচাতে বড় ভাই মাসুদ মিয়া এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। একপর্যায়ে তাঁর কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।
মাছুম মিয়ার দাবি, সংবাদ প্রকাশের কারণে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে তাঁকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রধান আসামি গ্রেপ্তার হলেও অন্য সহযোগীরা এলাকায় অবস্থান করছেন এবং মামলা তুলে নিতে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রকাশিত প্রতিবেদনে পুলিশ জানিয়েছিল, অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী সাংবাদিক ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মামলার অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।