ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রশি দিয়ে ভাস্কর্যের মাথায় একটি জুতার মালা ঝুলিয়ে রাখা হয়েছে। খবর পেয়ে দ্রুত সেটি সরিয়ে ফেলা হলেও কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি প্রশাসন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কামালুজ্জামান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে একজন পুলিশ সদস্য ফোন করে তাকে বিষয়টি জানান। পরে তিনি লোক পাঠিয়ে দ্রুত ভাস্কর্য থেকে জুতার মালাটি অপসারণ করেন।
ঘটনাটিকে জাতির শ্রেষ্ঠ সন্তানের চরম অবমাননা উল্লেখ করে জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানান তিনি।
এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভালো স্থপতির মাধ্যমে ভাস্কর্যটি সঠিকভাবে নির্মাণের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলার পরিকল্পনার অংশ হিসেবে কেউ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
বাস টার্মিনাল এলাকার চা দোকানি জাবেদ মিয়া জানান, সকালে দোকান খোলার সময় তিনি ভাস্কর্যের মাথায় জুতার মালা দেখতে পান। পরে একজন এসে সেটি সরিয়ে নিয়ে যান।
এদিকে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানিয়েছেন, তিনি বিষয়টি শুনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তার কাছে নেই।