‘সিন্ডিকেট’ কোনো সরকারই পছন্দ করে না। সাধারণ মানুষ যাতে সিন্ডিকেটের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন আর না থাকে—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, সরকারের প্রধান লক্ষ্য জনগণের কাছে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে। বাজারে খাদ্যের সরবরাহ ও মজুত পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়মিত বাজার পরিস্থিতি, খাদ্যের মজুত ও সরবরাহব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি। ভবিষ্যতে খাদ্য ব্যবস্থাপনায় কোনো সমস্যা দেখা দিলে দ্রুত তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুষ্টিকর চাল উৎপাদনের প্রকল্প প্রসঙ্গে আফরোজা খানম বলেন, প্রকল্পটি কবে উদ্বোধন বা চালু হবে, তা এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব প্রকল্পটি চালুর উদ্যোগ নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিলে গিয়ে পরিদর্শন কার্যক্রম শুরু করেন খাদ্যমন্ত্রী। পরে দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জের সাইলোতে পৌঁছান তিনি।
সেখানে সাইলো এবং এর অভ্যন্তরে অবস্থিত নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল মিল পরিদর্শন করেন। এ সময় খাদ্যশস্য সংরক্ষণ, মজুত সক্ষমতা, মিলের কার্যক্রম ও সামগ্রিক খাদ্য ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।
পরিদর্শনকালে স্থাপনাগুলোর বর্তমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন খাদ্যমন্ত্রী।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাসহ খাদ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।