৫৬ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিমা গড়ায় দিন-রাত ব্যস্ত কারিগররা

ধর্মপাশা-মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠজুড়ে কাশফুল আর শিউলির সুবাস—প্রকৃতিতে শরতের আগমনী বার্তা। এরই মধ্যে সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরে শুরু

2026-10-06T18:13:30+00:00
2026-10-06T18:13:30+00:00
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
৫৬ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিমা গড়ায় দিন-রাত ব্যস্ত কারিগররা
ধর্মপাশা-মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৬:১৩ পিএম 
সংগৃহীত ছবি
নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠজুড়ে কাশফুল আর শিউলির সুবাস—প্রকৃতিতে শরতের আগমনী বার্তা। এরই মধ্যে সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। মাটির প্রতিমায় শেষ আঁচড় দিতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

আগামী ১৭ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে দুই উপজেলার ৫৬টি পূজামণ্ডপে চলছে প্রতিমা তৈরি, মণ্ডপ সাজানো, আলোকসজ্জাসহ নানা প্রস্তুতি।

ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবার ধর্মপাশায় ২১টি এবং মধ্যনগরে ৩৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সরেজমিনে কয়েকটি মন্দির ঘুরে দেখা গেছে, শিল্পীদের নিপুণ হাতে মাটির তৈরি দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা ইতোমধ্যে আকৃতি পেয়েছে। অধিকাংশ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। এখন চলছে রং করা, পোশাক পরানো, অলংকার সংযোজন ও সাজসজ্জার কাজ।

প্রতিমাশিল্পী সুকেশ পাল বলেন, দুর্গাপূজা সামনে রেখে তাদের ব্যস্ততা বেড়েছে। দিন-রাত কাজ করেও সময় মিলছে না। আগে প্রতিমা তৈরিতে কাপড় ও বিভিন্ন অলংকারের ব্যবহার বেশি হলেও এসব উপকরণের দাম বেড়ে যাওয়ায় এখন মাটির তৈরি সাজসজ্জার ব্যবহার বেড়েছে।

তার ভাষ্য, সময়ের সঙ্গে প্রতিমার গড়ন ও সাজসজ্জাতেও পরিবর্তন এসেছে।

মধ্যনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার বলেন, এবার উপজেলায় ৩৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে ঘিরে এরই মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে ঢাক-ঢোল, বাঁশি, কাঁসর ও মন্দিরার তালে আরতি, গীতাপাঠ ও ধর্মীয় সংগীতানুষ্ঠানের আয়োজন থাকবে। নতুন পোশাক ও সাজসজ্জায় ভক্তরা মণ্ডপে মণ্ডপে ঘুরবেন। আত্মীয়স্বজনের আগমনেও বাড়বে উৎসবের আনন্দ।

ধর্মপাশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্র চন্দ্র সরকার জানান, উপজেলায় এবার ২১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। এবারও নিরাপত্তার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা নিশ্চিত করতে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তায় বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে ভক্তদের নির্বিঘ্ন চলাচল, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ, অগ্নিনিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বয়ের ব্যবস্থা।

সব মিলিয়ে দুর্গাপূজাকে সামনে রেখে ধর্মপাশা ও মধ্যনগরের মণ্ডপগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। প্রতিমার গায়ে রঙের আঁচড় আর মণ্ডপসজ্জার কাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উৎসবের আমেজও ছড়িয়ে পড়ছে দুই উপজেলায়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: