বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ১০০ গুণী শিক্ষককে সম্মাননা পদক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মাননার পাশাপাশি শিক্ষকদের হাতে বিভিন্ন স্মারকও তুলে দেওয়া হয়।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণী শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানের শুরুতে ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের অবদান, পেশাগত মর্যাদা ও শিক্ষার মানোন্নয়নে তাঁদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।