রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাব। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (৫ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি এমরান হোসেন তানিম ও সাধারণ সম্পাদক আলফি সানি।
বিবৃতিতে তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর গুরুতর আঘাত। বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞানচর্চা ও মুক্তবুদ্ধির চর্চার প্রতিষ্ঠানে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলার ঘটনা উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব।
নেতৃবৃন্দ আরও বলেন, হামলার ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে কোনো সাংবাদিক যেন পেশাগত দায়িত্ব পালনকালে হামলা বা হয়রানির শিকার না হন, সে জন্য কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি। হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানান তারা।
বিবৃতিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।
আহত সাংবাদিকরা হলেন—বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু। এছাড়া আরও কয়েকজন সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।
পাবিপ্রবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর হামলার মতো ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনা না হলে পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাহীনতা আরও বাড়বে। তাই দ্রুত তদন্ত শেষ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।