খুলনায় পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই গোলাগুলি, ‘জনযুদ্ধের’ নেতা নিহত; বিএনপি নেতা গুলিবিদ্ধ

খুলনা সংবাদদাতা

সারাদেশ

খুলনায় মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে গোলাগুলির পৃথক দুটি ঘটনায় এক ব্যক্তি নিহত এবং বিএনপির এক নেতা আহত হয়েছেন। রোববার সকালে

2026-10-04T20:30:32+00:00
2026-10-04T20:30:32+00:00
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
খুলনায় পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই গোলাগুলি, ‘জনযুদ্ধের’ নেতা নিহত; বিএনপি নেতা গুলিবিদ্ধ
খুলনা সংবাদদাতা
রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৮:৩০ পিএম 
জনযুদ্ধের নেতা নাসিমুল করিম ওরফে নাসিম
খুলনায় মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে গোলাগুলির পৃথক দুটি ঘটনায় এক ব্যক্তি নিহত এবং বিএনপির এক নেতা আহত হয়েছেন। রোববার সকালে নগরীর লবণচরা এলাকায় পারিবারিক বিরোধের জেরে বিএনপি নেতা মো. ইকবাল শেখকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এর প্রায় পাঁচ ঘণ্টা পর দিঘলিয়া উপজেলায় গুলিতে নিহত হন নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সদস্য মো. নাসিমুল করিম ওরফে নাসিম (৫৫)।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা গ্রামের তৈয়ব আলী শিকদারের চায়ের দোকানের সামনে নাসিমকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, নিহত নাসিম নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ মোট সাতটি মামলা রয়েছে।

দিঘলিয়া থানার ওসি হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, কারা এবং কী কারণে নাসিমকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।

অন্যদিকে রবিবার সকাল সোয়া ৭টার দিকে নগরীর হঠাৎ বাজারের ইসলামপাড়া প্রথম গলির সামনে হামলার শিকার হন বিএনপি নেতা মো. ইকবাল শেখ (৩৫)।

ইকবাল ইসলামপাড়ার ইকলাছ শেখের ছেলে এবং খুলনা নগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক। হামলায় তার বাম পায়ের হাঁটুর ওপর গুলি করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে পায়ের গোড়ালিতে কুপিয়ে জখম করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একই এলাকার আলামিন শেখের ছেলে আবির শেখের সঙ্গে ইকবালের মেয়ের বিয়ে হয়েছিল। প্রায় তিন-চার মাস আগে তিনি মেয়েকে ওই সংসার থেকে ফিরিয়ে আনেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়।

রোববার সকালে ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হলে আবির, শাওনসহ আরও কয়েকজন ইকবালের ওপর হামলা চালায় বলে অভিযোগ। একপর্যায়ে তাকে গুলি ও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন জানান, বিকেল ৫টা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি। তবে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। আহত ইকবাল আশঙ্কামুক্ত রয়েছেন বলেও জানান তিনি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: