ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং সংগঠনের সভাপতি মো. শাহজাহান কবির হিরা ও নির্বাহী সদস্য কাজী আব্দুল্লাহ আল-আমিনকে নিয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানভীর আহমেদের দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. শাহজাহান কবির হিরা। সভা সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিক এইচ টি তোফাজ্জলের বিরুদ্ধে দায়ের করা মামলাটি ‘মিথ্যা ও সাজানো’। তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের পাশাপাশি তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এ সময় সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হিরা এবং সংগঠনের নির্বাহী সদস্য ও দৈনিক দিনকালের গৌরীপুর প্রতিনিধি কাজী আব্দুল্লাহ আল-আমিনকে ‘মাদক কারবারি ও সেবনকারী’ হিসেবে উল্লেখ করে তানভীর আহমেদের দেওয়া বক্তব্যেরও প্রতিবাদ জানান বক্তারা।
বক্তারা বলেন, সাংবাদিকদের নিয়ে এ ধরনের বক্তব্য পেশাগত মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন করে। তারা অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।
সভায় বক্তব্য দেন সাংবাদিক ঐক্য ফোরামের নির্বাহী সদস্য, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন এবং শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আল ইমরানসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি কামাল উদ্দিন, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন, মো. হুমায়ুন কবির, নুরুল আবেদীন, লুৎফুর রহমান খান খোকন, সুপক উকিল, মতিউর রহমান, মাহফুজুর রহমান মাফুজ, আসিকুর রহমান, মোস্তফা, শামীম আলভী এবং শ্যামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মামুনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।