নেত্রকোনার মদনে তিয়শ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো. পল্লব চৌধুরীর উদ্যোগে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। প্রায় অর্ধশত মোটরসাইকেলের বহর নিয়ে নেতাকর্মীদের সঙ্গে উপজেলা দলীয় কার্যালয়ে গিয়ে তিনি নিজের প্রার্থিতার জানান দেন।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ বালালী গ্রাম থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পল্লব চৌধুরী মদন উপজেলা দলীয় কার্যালয়ে যান।
এ সময় সম্প্রতি পবিত্র ওমরা পালন শেষে দেশে ফেরা উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
পল্লব চৌধুরী উপজেলার দক্ষিণ বালালী গ্রামের হিরন চৌধুরীর ছেলে। তিনি তিয়শ্রী ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের সাবেক দুইবারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শোডাউন শেষে পল্লব চৌধুরী বলেন, আমাকে যদি তিয়শ্রী ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমি ইউনিয়ন ছাত্রদলকে সুসংগঠিত করে তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে প্রতিষ্ঠিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাব।
তিনি তিয়শ্রী ইউনিয়ন ছাত্রদলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে দলের নেতাকর্মীসহ সবার দোয়া ও সমর্থন কামনা করেন।