ঢাকার দোহার উপজেলার পদ্মা সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। ফুল দিয়ে নবীনদের স্বাগত জানান ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
রোববার দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানের শুরুতেই প্রচলিত আনুষ্ঠানিকতা ভেঙে মঞ্চ ছেড়ে শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের হাতে ফুল তুলে দিয়ে বরণ করে নেন সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
এ সময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, কলেজজীবনের আগামী দুই বছর তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ যারা অতিথির আসনে রয়েছেন, ভবিষ্যতে একদিন নবীন শিক্ষার্থীরাও যেন একই মঞ্চে অতিথির আসনে বসার সুযোগ পায়—এটাই তাদের প্রত্যাশা।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের পথে বড় বাধাগুলোর একটি মাদক। দোহার এলাকায় মাদক নির্মূলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তারা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।
পদ্মা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এবং পদ্মা সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী মো. শামীম হোসেন।
প্রভাষক মু. তারেক রাজীব, আলমগীর হোসেন ও সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ইমারত হোসেন ইমরান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের পড়াশোনায় মনোযোগী, মাদকমুক্ত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।