স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া বাকেরগঞ্জের দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্রীকে ঢাকার কদমতলী থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে কদমতলী থানার আওতাধীন শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর সকালে তিন শিক্ষার্থী স্কুলে যাওয়ার কথা বলে নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফিরে আসেনি।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে থানায় যোগাযোগ করেন। পরে নিখোঁজ শিক্ষার্থীদের মধ্যে হাফসা আক্তার ও নাদিয়া আক্তারের পরিবারের পক্ষ থেকে বাকেরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিখোঁজের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ সুপার এ.জেট.এম মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় এবং বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেনের তত্ত্বাবধানে প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় বাকেরগঞ্জ থানার এসআই নাজমুল মোল্লা ও সবিতা রানীর নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোরে ঢাকার কদমতলী থানার শ্যামপুর এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই তিন ছাত্রীকে উদ্ধার করা হয়।
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নিখোঁজ তিন ছাত্রীকে ঢাকার শ্যামপুর থেকে উদ্ধার করে বাকেরগঞ্জে নিয়ে আসা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিন শিক্ষার্থী কীভাবে ঢাকায় পৌঁছাল এবং নিখোঁজ থাকার সময়ে তারা কোথায় ছিল—এসব বিষয়ে পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।