গাজীপুরের কালীগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন ১১১ জন তরুণী। পাশাপাশি উদ্যোক্তা হতে আগ্রহী আরও ১৮ জনকে ঋণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী গ্রামের বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কার্যালয় প্রাঙ্গণে এ চাকরি মেলার আয়োজন করা হয়।
ইএসডিও আয়োজিত এ কর্মসূচি ইউনিসেফ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)-এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত হয়।
মেলায় ইএসডিও থেকে কারিগরি প্রশিক্ষণ নেওয়া ২৮৬ জন তরুণী অংশ নেন। তারা বিউটি কেয়ার, কম্পিউটার অপারেশন, সুইং অপারেশন, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
আয়োজকরা জানান, মেলায় গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার ১৫টি প্রতিষ্ঠানের চাকরিদাতা প্রতিনিধিরা অংশ নেন। তাদের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ১১১ জন তরুণীকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়।
এ ছাড়া নিজস্ব উদ্যোগে কাজ শুরু করতে আগ্রহী ১৮ জন তরুণীকে বিভিন্ন হারে ঋণসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে উন্নয়ন সংস্থা কারিতাস ও ইএসডিও।
মেলায় অংশ নেওয়া তরুণীরা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা সরাসরি চাকরিদাতাদের সামনে তুলে ধরার সুযোগ পেয়েছেন তারা। এতে নিজেদের দক্ষতা যাচাইয়ের পাশাপাশি কর্মক্ষেত্রে প্রবেশের বাস্তব সুযোগ তৈরি হয়েছে।
আয়োজকরা জানান, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে সংযোগ তৈরি করাই এ ধরনের উদ্যোগের অন্যতম লক্ষ্য। চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হলে তরুণীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। এ সময় সেফগার্ডিং অ্যান্ড পিএসইএএইচ ম্যানেজার আইরিন আক্তার, ইএসডিওর হেড অব টিভেট শাহরিয়ার মাহমুদ, গাজীপুর জেলার সহকারী প্রকল্প ব্যবস্থাপক এএসএম রাজিউল ইসলাম, স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম সুমনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিদাতা কর্মকর্তা ও চাকরিপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।