রাজধানীর মিরপুর ১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের দুটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হকারদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হোপ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে মিরপুর ১০ নম্বর হোপ মার্কেটের সামনের ফুটপাতে অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদে অভিযান শুরু করে সিটি করপোরেশন। অভিযান চলাকালে বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন সেখানে থাকা হকাররা। একপর্যায়ে তারা সিটি করপোরেশনের দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং পরে গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেন।
ঘটনাকে কেন্দ্র করে হকারদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়াও শুরু হয়। মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে পুলিশের একটি পিকআপ ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে সেটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন হকাররা।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌঁছায়। এর মধ্যে দুটি ইউনিট প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বলেন, হোপ মার্কেট এলাকায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনার পর হোপ মার্কেট ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।