কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থাটি দেশের বিভিন্ন ব্যাংকে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, বিএফআইইউর পাঠানো ই-মেইলে সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) এবং হিসাব বিবরণী (স্টেটমেন্ট) রয়েছে।
এ ছাড়া তার নামে থাকা হিসাবগুলোর কেওয়াইসি ও স্টেটমেন্টের সফটকপি পাঠাতে বলা হয়েছে। বিএফআইইউর নির্ধারিত এক্সেল ফাইলে সংশ্লিষ্ট হিসাবের প্রয়োজনীয় তথ্য পূরণ করে পাঠানোর পাশাপাশি সুদ আয় ও উৎসে কর (টিডিএস)-সংক্রান্ত তথ্যও চাওয়া হয়েছে।
লেনদেনসংক্রান্ত তথ্য তলবের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তলব করা তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
সম্প্রতি সালমান মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দুর্বৃত্তরা তার কার্যালয়ে ঢুকে বিভিন্ন আসবাব ও মালামাল ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর সালমান মুক্তাদির প্রথমে অভিযোগ করেছিলেন, বিএনপির লোকজন তার কাছে চাঁদা চেয়েছিল। পরে তিনি জানান, তার কাছে চাঁদা চাওয়া হয়নি। বক্তব্যের এই পরিবর্তন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ-উর রহমান বলেন, সালমান মুক্তাদিরসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া ব্যক্তিরা ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে বক্তব্য ও কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে তিনি আশা করেন।
তবে ব্যাংক হিসাব তলবের কারণ বা সালমান মুক্তাদিরের বিরুদ্ধে কোনো আর্থিক অনিয়মের অভিযোগের বিষয়ে বিএফআইইউর পক্ষ থেকে এই নির্দেশনায় বিস্তারিত কিছু জানানো হয়নি।