নৌপথে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সদরঘাট টার্মিনালের সার্বিক ব্যবস্থাপনা, যাত্রীসেবা, লঞ্চ চলাচল, ভাড়া আদায়, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যালোচনা করেন।
প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। নৌযান পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মীদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, সদরঘাটসহ সব যাত্রীবাহী নৌযানে নির্ধারিত ভাড়ার ডিজিটাল তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন বাধ্যতামূলক করতে হবে। এতে যাত্রীরা সহজেই প্রকৃত ভাড়া সম্পর্কে জানতে পারবেন এবং অতিরিক্ত ভাড়া আদায় বা হয়রানির সুযোগ কমবে।
যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দিয়ে মো. রাজিব আহসান বলেন, কোনো যাত্রী যেন হয়রানি, ভোগান্তি বা অপ্রয়োজনীয় বিড়ম্বনার শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। যাত্রীদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও নৌযান শ্রমিকদের দায়িত্বশীল ও সৌজন্যমূলক আচরণ করার নির্দেশ দেন তিনি।
সদরঘাট টার্মিনালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, যাত্রীদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং টার্মিনালের পরিবেশ আরও উন্নত করার বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
এ সময় সদরঘাটের বিদ্যমান অবকাঠামো পর্যালোচনা করে যাত্রীসেবার মান কীভাবে আরও উন্নত করা যায় এবং আধুনিক ও যাত্রীবান্ধব অবকাঠামো গড়ে তোলা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি। নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
পরিদর্শনের সময় লঞ্চের যাত্রীদের সঙ্গে কথা বলে তাঁদের খোঁজখবর নেন তিনি।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিতভাবে টার্মিনাল ও নৌযান পরিদর্শনেরও নির্দেশ দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।
এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।