থানায় না গিয়েই ঘরে বসে জিডি, হাতের মুঠোয় পুলিশের সেবা

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

হারানো কাগজপত্র, মোবাইল, মানিব্যাগ কিংবা অন্য কোনো প্রয়োজনীয় জিনিসের বিষয়ে জিডি করতে এখন আর থানায় ছুটতে হচ্ছে না। ঘরে বসেই

2026-09-29T16:52:07+00:00
2026-09-29T16:52:07+00:00
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
থানায় না গিয়েই ঘরে বসে জিডি, হাতের মুঠোয় পুলিশের সেবা
২৪ ঘণ্টাই অভিযোগ দাখিল, অগ্রগতি দেখা ও ডিজিটাল কপি সংগ্রহের সুযোগ
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫২ পিএম 
প্রতীকী ছবি
হারানো কাগজপত্র, মোবাইল, মানিব্যাগ কিংবা অন্য কোনো প্রয়োজনীয় জিনিসের বিষয়ে জিডি করতে এখন আর থানায় ছুটতে হচ্ছে না। ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে করা যাচ্ছে সাধারণ ডায়েরি (জিডি)। শুধু অভিযোগ দাখিলই নয়, আবেদনের অগ্রগতি দেখা, তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ এবং জিডির ডিজিটাল কপিও সংগ্রহ করা যাচ্ছে অনলাইনেই।

পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, দেশের সব থানায় পর্যায়ক্রমে অনলাইন জিডি সেবা চালু করা হয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর রেলওয়ে পুলিশের ২৪টি থানায় এ সুবিধা সম্প্রসারণের মধ্য দিয়ে দেশের সব থানায় অনলাইন জিডির আওতা তৈরি হয়েছে।

নতুন এই ব্যবস্থায় নাগরিকরা দিন-রাত ২৪ ঘণ্টা যেকোনো সময় পুলিশের কাছে অভিযোগ পাঠাতে পারছেন। হারানো বা প্রাপ্তিসংক্রান্ত বিষয়সহ বিভিন্ন ধরনের অভিযোগ অনলাইনে দাখিলের সুযোগ থাকায় থানায় গিয়ে অপেক্ষা করা কিংবা যাতায়াতের অতিরিক্ত খরচের প্রয়োজন হচ্ছে না।

রাজধানীর মুগদার বাসিন্দা মাহিরা নূর অনলাইন জিডির এমন সুবিধা পেয়েছেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদ হারিয়ে যাওয়ার পর তিনি বাসায় বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে জিডি করেন। তার ভাষ্য, এ জন্য তাকে থানায় যেতে হয়নি, ফলে সময় ও যাতায়াত খরচ দুটোই সাশ্রয় হয়েছে।

একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হারুন অর রশিদ। তিনি জানান, মানিব্যাগ হারানোর পর ক্রেডিট কার্ড ও জাতীয় পরিচয়পত্র পুনরুদ্ধারের জন্য দ্রুত জিডির প্রয়োজন হয়। অফিসে বসেই কয়েক মিনিটের মধ্যে অনলাইন জিডি করতে পেরেছেন তিনি। পরে অনলাইনেই আবেদনের অগ্রগতি দেখা এবং জিডির কপি সংগ্রহ করেছেন।

এডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. সায়েদুর রহমান বলেন, অনলাইন জিডি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকরা ২৪ ঘণ্টাই পুলিশের কাছে সরাসরি অভিযোগ পাঠাতে পারছেন। হারানো বা প্রাপ্তিসংক্রান্ত বিষয়সহ বিভিন্ন ধরনের অভিযোগ সহজে দাখিল করা যাচ্ছে। এতে সময় ও যাতায়াতের খরচ কমার পাশাপাশি মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. আকতার হোসেন জানান, ডিএমপির ৫০টি থানায় সরাসরি জিডি গ্রহণের পাশাপাশি অনলাইনেও জিডি নেওয়া হচ্ছে। কর্মব্যস্ততা ও যাতায়াতের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে বাসা, অফিস কিংবা সুবিধাজনক যেকোনো স্থান থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে এ সেবা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

যেভাবে করবেন অনলাইন জিডি

অনলাইন জিডি করতে প্রথমে জাতীয় পরিচয়পত্র নম্বর, সচল মোবাইল নম্বর এবং লাইভ ছবি প্রয়োজন হবে। এরপর গুগল প্লে-স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে।

নিবন্ধনের পর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপে প্রবেশ করা যাবে। পরিচয় নিশ্চিত করতে মোবাইলে পাঠানো ওটিপি ব্যবহার করতে হবে।

অ্যাপে প্রবেশের পর অভিযোগের ধরন, সংশ্লিষ্ট জেলা ও থানা নির্বাচন করতে হবে। এরপর ঘটনার স্থান, সময় এবং বিস্তারিত বিবরণ দিতে হবে। অভিযোগের সঙ্গে প্রয়োজনীয় ছবি বা প্রাসঙ্গিক নথির স্ক্যান কপিও যুক্ত করা যাবে।

আবেদন জমা দেওয়ার পর নিজের অ্যাকাউন্ট থেকেই জিডির সর্বশেষ অবস্থা জানা যাবে। প্রয়োজনে তদন্তকারী কর্মকর্তার সঙ্গে ডিজিটাল মাধ্যমে যোগাযোগও করা যাবে। প্রক্রিয়া সম্পন্ন হলে জিডির সার্টিফাইড ডিজিটাল কপি ডাউনলোড করে সংরক্ষণ ও প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে।

ফলে থানায় গিয়ে জিডি করার প্রচলিত ব্যবস্থার পাশাপাশি অনলাইন সেবা নাগরিকদের জন্য পুলিশি সেবা পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ ও সময়সাশ্রয়ী করে তুলেছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: