দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেট, কাগজের তৈরি পাইপ ও গ্যাসলাইটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর গুপ্তিপাড়া গ্রামের আজিমুদ্দিনের বাঁশঝাড়ে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় টাপেন্টাডল ট্যাবলেট দখলে রাখা ও সেবনের অভিযোগে তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন—নানিয়াটিকর গুপ্তিপাড়া গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে মো. মাহবুব ইসলাম (৪০), একই এলাকার মো. সোলায়মান আলীর ছেলে মান্না ইসলাম (২৬) এবং দিনাজপুর কোতোয়ালি থানার উত্তর দেবীপুর এলাকার মো. কাওছার আলীর ছেলে মো. জীবন হোসেন (২৪)।
পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে জানানো হলে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত মো. মাহবুব ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে মান্না ইসলাম ও মো. জীবন হোসেনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে তিন পিস টাপেন্টাডল ট্যাবলেট, তিন পিস কাগজের তৈরি পাইপ ও পাঁচটি গ্যাসলাইট উদ্ধার করা হয়েছে।