কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আখতার হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ঈসমাইল মজুমদার, উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রুহুল আমিন মজুমদার, জোড়কানন পূর্ব ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম ও ছাত্রনেতা আল আমিনসহ অনেকে।
সভায় কিশোর গ্যাং দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই বন্ধ এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধ ও যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উত্তর রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফ্লাইওভারের নিচের অংশ পাকাকরণ এবং সড়ক দুর্ঘটনা কমাতে ধীরগতির যানবাহনের জন্য মহাসড়কের উভয় পাশে সার্ভিসলেন নির্মাণের প্রস্তাব করা হয়।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও হাইওয়ে পুলিশের প্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।