হবিগঞ্জের লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বাড়াতে মৎস্য অভয়াশ্রম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ। একই সঙ্গে পোনামাছ নিধন বন্ধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লাখাই ইউনিয়নের চিকনপুর ব্রিজসংলগ্ন প্লাবনভূমিতে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় প্লাবনভূমি, প্লাবিত ধানক্ষেত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলম। এ সময় লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন আহমেদ, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ বলেন, লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বাড়ানোর লক্ষ্যে মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে। মৎস্য সম্পদ রক্ষায় পোনামাছ নিধন বন্ধ করতে হবে। কোনো অবস্থাতেই যেন পোনামাছ ধরা বা নিধন করা না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে হলে পোনা মাছ সংরক্ষণের পাশাপাশি জলাশয়ের পরিবেশও সুরক্ষিত রাখতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক চিকনপুর ব্রিজসংলগ্ন প্লাবনভূমিতে বিভিন্ন প্রজাতির মোট ২৬৪ কেজি পোনা মাছ অবমুক্ত করেন।