
দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়। একই দিন সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬৮৩ টাকা।
এর আগে টানা দুই দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। এবার তৃতীয় দফায় দাম কমানোর ফলে দেশের বাজারে স্বর্ণের মূল্য আরও কিছুটা নিম্নমুখী হলো। নতুন এ দর অনুযায়ী, এখন থেকে দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে স্বর্ণ ও রুপার অলংকার বিক্রি হবে।