বাংলাদেশের ওষুধে বড় সুখবর, শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

বাণিজ্য

আন্তর্জাতিক বাণিজ্যনীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ, ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ এবং

2026-09-29T15:29:28+00:00
2026-09-29T15:29:28+00:00
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাণিজ্য
বাংলাদেশের ওষুধে বড় সুখবর, শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৯ পিএম 
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক বাণিজ্যনীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ, ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ এবং এসব ওষুধ তৈরির গুরুত্বপূর্ণ উপাদানে শূন্য শতাংশ শুল্ক সুবিধা দিয়েছে ওয়াশিংটন।

মার্কিন প্রশাসন যখন নির্দিষ্ট পেটেন্টযুক্ত ফার্মাসিউটিক্যাল পণ্যের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে, ঠিক তখনই বিশেষ কিছু ওষুধ ও কাঁচামালের ক্ষেত্রে এই শুল্কমুক্ত সুবিধার ঘোষণা এলো।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শুল্ক কাঠামো কার্যকর করতে মার্কিন বাণিজ্য দপ্তর ফেডারেল রেজিস্টারে একটি সরকারি তালিকা প্রকাশ করেছে। এতে শূন্য শুল্ক সুবিধা পাওয়া দেশ ও অঞ্চল এবং সংশ্লিষ্ট পণ্যের শ্রেণি উল্লেখ করা হয়েছে।

কোন কোন ওষুধে শুল্ক নেই

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, বন্ধ্যত্বের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, উন্নত কোষ ও জিন থেরাপি, অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেটস (এডিসি) এবং পশুচিকিৎসায় ব্যবহৃত নির্দিষ্ট ওষুধ শূন্য শুল্ক সুবিধার আওতায় পড়বে।

এসব ওষুধ তৈরিতে ব্যবহৃত সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদান (এপিআই) ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাঁচামালও শূন্য শতাংশ শুল্কে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুবিধা পাবে।

তালিকায় বাংলাদেশ-ভারতসহ ২০ দেশ

শুল্কমুক্ত সুবিধা পাওয়া দেশ ও অঞ্চলগুলোর মধ্যে বাংলাদেশ ও ভারতের পাশাপাশি রয়েছে আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়েতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, নর্থ মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিখটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনাম।

মার্কিন সরকারের নোটিশ অনুযায়ী, এসব দেশ ও অঞ্চল থেকে নির্ধারিত পণ্য আমদানিতে শূন্য শুল্ক সুবিধা দেওয়া হবে। ওয়াশিংটনের সঙ্গে তাদের বিদ্যমান বা ভবিষ্যতে কার্যকর হতে যাওয়া বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোর চুক্তির সঙ্গে এই সুবিধার সম্পর্ক রয়েছে।

১০০ শতাংশ শুল্কের মধ্যেই ব্যতিক্রম

যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্তের বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ একই সময়ে নির্দিষ্ট পেটেন্টযুক্ত ওষুধ ও জৈব পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের উদ্যোগ চলছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত এপ্রিলের একটি নির্দেশনার ভিত্তিতে ট্রেড এক্সপ্যানশন অ্যাক্টের ধারা ২৩২-এর অধীনে আমদানি করা ফার্মাসিউটিক্যাল পণ্য ও সংশ্লিষ্ট রাসায়নিক উপাদানের শুল্ক কাঠামো পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়।

এর আগে ২ এপ্রিলের ঘোষণায় নির্দিষ্ট পেটেন্টযুক্ত ওষুধ, বায়োলজিক্যাল পণ্য এবং সংশ্লিষ্ট উপাদানের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত জানানো হয়েছিল। যুক্তরাষ্ট্রে এসব পণ্যের স্থানীয় উৎপাদন বাড়ানোই ছিল ওই নীতির অন্যতম উদ্দেশ্য।

প্রাথমিক তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে নতুন শুল্ক ৩১ জুলাই থেকে কার্যকর হয়। আর ২৯ সেপ্টেম্বর থেকে তালিকায় থাকা অন্যান্য কোম্পানির ক্ষেত্রেও তা কার্যকর হচ্ছে।

জেনেরিক ওষুধে থাকছে ছাড়

তবে জেনেরিক ওষুধ এবং এসব ওষুধ তৈরিতে ব্যবহৃত উপাদানকে ধারা ২৩২-এর ফার্মাসিউটিক্যাল শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাণিজ্য দপ্তর।

সাম্প্রতিক প্রশাসনিক সংশোধনের মাধ্যমে ‘জেনেরিক ফার্মাসিউটিক্যাল আর্টিকেলস’-এর সংজ্ঞাও আরও স্পষ্ট করা হয়েছে। এর আওতায় পেটেন্টবিহীন পশুচিকিৎসার ওষুধও অন্তর্ভুক্ত করা হয়েছে।

একই সঙ্গে ‘ফার্মাসিউটিক্যাল আর্টিকেলস’ বলতে কোন পণ্যগুলো বোঝানো হবে, সেটিও নির্দিষ্ট করেছে মার্কিন প্রশাসন। এই শ্রেণিতে মূলত প্রস্তুত ওষুধ, সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদান (এপিআই) এবং গুরুত্বপূর্ণ প্রাথমিক কাঁচামাল অন্তর্ভুক্ত থাকবে।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: